Wednesday, November 11, 2026

সর্বশেষ

অচল শিল্প সচলের নীতিমালা আছে, বাস্তবায়ন কোথায়?

দেশের বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে গত মে মাসে উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকগুলোর কাছে বন্ধ কারখানার তথ্য ও ঋণ পরিস্থিতি জানতে চাওয়া হয়। এক হাজারের বেশি সম্পূর্ণ বা আংশিক বন্ধ কারখানার তালিকা পাওয়া গেলেও প্রত্যেকটির বকেয়া ঋণের পরিমাণ ১০০ কোটি টাকার বেশি।

ছয় মাস পর কারখানাগুলো পুনরায় চালুর জন্য প্রস্তাবিত পুনঃঅর্থায়ন কর্মসূচির কাঠামো, বাজেট ও নীতিমালা তৈরি হয়েছে। কিন্তু কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে বড় একটি প্রশ্ন সামনে এসেছে। তালিকায় থাকা সবচেয়ে বড় কারখানাগুলো—যেগুলোতে হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান এবং স্থানীয় অর্থনীতির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে—সেগুলোই কীভাবে এই কর্মসূচির আওতায় আসবে, তা এখনো স্পষ্ট নয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান মে দিবসের এক সমাবেশে বন্ধ কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিটি কারখানা কত দ্রুত চালু করা সম্ভব, তা মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এর কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ ব্যাংক ৪০ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন কর্মসূচির রূপরেখা তুলে ধরে। এর মধ্যে বৃহৎ শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকা, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ১০ হাজার কোটি টাকা এবং কৃষি খাতের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়। কর্মসূচিটির আওতায় ১ হাজার ২০০টির বেশি বন্ধ বা আংশিক সচল প্রতিষ্ঠানকে সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।

কোভিড মহামারির সময় নেওয়া প্রণোদনা কর্মসূচির অভিজ্ঞতা থেকেই এবার অর্থের অপব্যবহার ঠেকাতে কঠোর নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। মহামারির সময় ২৩টি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ লাখ ২৮ হাজার ৩০৩ কোটি টাকা বিতরণ করা হয়েছিল। এর একটি অংশ অনিয়মের মাধ্যমে অন্য খাতে চলে যাওয়ার অভিযোগ রয়েছে।

কর্মসূচি ঘোষণার সময় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছিলেন, অতীতের কিছু আর্থিক সহায়তা কর্মসূচির মতো যাতে এই তহবিল লুটপাট বা অপব্যবহারের শিকার না হয়, তা নিশ্চিত করা হচ্ছে। এ কারণে কর্মসূচির আওতায় কোনো ঋণ বিতরণের আগে কেন্দ্রীয় ব্যাংকের স্পষ্ট অনুমোদন নিতে হবে।

তবে কর্মসূচির শর্ত বেশ কঠোর। ১০০ কোটি থেকে ৩০০ কোটি টাকা পর্যন্ত কার্যকরী মূলধন প্রয়োজন, এমন কারখানাগুলোকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। মহামারি, ইউক্রেন যুদ্ধ কিংবা বৈদেশিক মুদ্রার সংকটের মতো বাহ্যিক কারণে যেসব প্রতিষ্ঠানের ঋণ খেলাপি হয়েছে, নির্ধারিত শর্তে ঋণ নিয়মিত করতে পারলে তারা এ সুবিধা পেতে পারে। তবে আগে ঋণ পুনর্গঠনের সুবিধা নিয়ে আবার খেলাপি হয়েছে, এমন প্রতিষ্ঠানগুলোর এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা কম। আর যেসব কারখানা চালু করতে বিপুল অঙ্কের অর্থায়ন প্রয়োজন, সেগুলো শুরুতেই বাদ পড়তে পারে।

গত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অংশগ্রহণকারী ব্যাংকগুলো জানিয়েছিল, এ কর্মসূচির আওতায় কোনো অর্থ বিতরণ করা হয়নি। এর অর্থ, কর্মসূচির কাঠামো তৈরি হলেও বাস্তবে অর্থায়ন শুরু করা সম্ভব হয়নি।

একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী, যিনি নিজ ব্যাংকের এ কর্মসূচিসংক্রান্ত কমিটির সদস্য এবং নাম প্রকাশে অনিচ্ছুক, বলেন, ‘যে কারখানার ১৫০ কোটি টাকার কার্যকরী মূলধন প্রয়োজন এবং ঋণসংক্রান্ত নথিপত্রে কোনো জটিলতা নেই, তাদের জন্য কর্মসূচিটি ভালোভাবে সাজানো হয়েছে। কিন্তু কর্মসংস্থান তো সেখানে নেই। কর্মসংস্থান রয়েছে সেই কারখানাগুলোতে, যাদের ৩০০ কোটি টাকার বেশি অর্থায়ন প্রয়োজন এবং ঋণসংক্রান্ত নথিপত্রে জটিলতা রয়েছে। আমাদের এসব প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিতে বলা হয়েছিল, অথচ কর্মসূচির শর্তই তাদের বাইরে রাখছে।’

দেশের বিভিন্ন অঞ্চলে এই সীমাবদ্ধতার প্রভাব স্পষ্ট। চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত এস আলম গ্রুপের ১১টি কারখানা গত জুলাইয়ের শেষ দিকে বন্ধ হয়ে যায়। দুই বছর ধরে আমদানি করা কাঁচামাল না পাওয়ায় কারখানাগুলোর উৎপাদন বন্ধ রাখতে হয়। ১ আগস্ট প্রায় ৬ হাজার শ্রমিক চাকরি হারান। একই সঙ্গে আশপাশের ইউনিয়নগুলোতে মাসে প্রায় ৩০ কোটি টাকার বেতন-ভাতার প্রবাহ বন্ধ হয়ে যায়।

কারখানাগুলো নিজ নিজ খাতে দেশের বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলোর অন্যতম। এসব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের চাহিদাও এখনো রয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর তৈরি করা বন্ধ কারখানার তালিকায় এগুলো বড় অঙ্কের ঋণ থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। ফলে এসব কারখানা চালু করা শুধু সংশ্লিষ্ট মালিক বা ঋণদাতা ব্যাংকের বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে হাজারো শ্রমিকের জীবিকা এবং স্থানীয় অর্থনীতির গতিশীলতা।

এসব প্রতিষ্ঠানকে কীভাবে বিবেচনা করা হবে, সে বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নীতিগত অবস্থান জানানো হয়েছে। গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনিয়ম বা অপরাধের অভিযোগে কোনো ব্যক্তির বিচার আইনের আওতায় হতে পারে। কিন্তু একজন ব্যক্তির কারণে কোনো কোম্পানির কার্যক্রম বন্ধ করে দেওয়া যায় না। তিনি বলেন, ‘কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত করে এবং কোম্পানি বন্ধ করে কোনো দেশের অর্থনীতি চলতে পারে না।’

অর্থমন্ত্রীর বক্তব্যে একটি গুরুত্বপূর্ণ নীতিগত অবস্থান উঠে এসেছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ থাকলে তার বিচার হবে আইনের মাধ্যমে। কিন্তু সেই অভিযোগের কারণে একটি উৎপাদনশীল প্রতিষ্ঠান বন্ধ থাকলে ক্ষতিগ্রস্ত হন শ্রমিক, সরবরাহকারী, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট এলাকার মানুষ। তাই ব্যক্তির দায় ও প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রমকে আলাদা করে দেখার প্রয়োজন রয়েছে।

তবে এই নীতিগত অবস্থান বাস্তবায়নের জন্য কার্যকর ব্যবস্থা এখনো স্পষ্ট নয়। অথচ বাংলাদেশ ব্যাংকের প্রণীত কর্মসূচির মধ্যেই এ ধরনের একটি ব্যবস্থার প্রাথমিক ধারণা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা মে মাসে জানিয়েছিলেন, অভ্যন্তরীণ বাজারের জন্য পণ্য উৎপাদনকারী কারখানাগুলোর পরিচালনা পর্ষদে ঋণদাতা ব্যাংকের প্রতিনিধিদের উপদেষ্টা হিসেবে যুক্ত করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এতে নতুন করে দেওয়া কার্যকরী মূলধনের অর্থ কীভাবে ব্যয় হচ্ছে, তা ব্যাংকগুলোর নজরদারিতে রাখা সম্ভব হবে। অন্যদিকে, রপ্তানিমুখী কারখানাগুলোর ক্ষেত্রে রপ্তানি আয় সরাসরি ঋণ হিসাবের সঙ্গে যুক্ত রাখার পরিকল্পনা রয়েছে।

অর্থনৈতিক দিক থেকেও এ পদ্ধতির যৌক্তিকতা রয়েছে। একটি কারখানা পুনরায় চালু হলে উৎপাদন ও বিক্রির মাধ্যমে আয় তৈরি হবে। সেই আয় থেকে ঋণ পরিশোধের সুযোগও তৈরি হবে। বিপরীতে, কারখানা বন্ধ থাকলে উৎপাদন, আয় ও কর্মসংস্থান—সবই থেমে থাকে। ফলে ঋণ পরিশোধের সম্ভাবনাও কমে যায়। অর্থাৎ, যথাযথ তদারকির মাধ্যমে কারখানা চালু করা গেলে তা ঋণদাতা ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উভয়ের জন্যই লাভজনক হতে পারে।

কারখানা বন্ধ থাকার আর্থিক ও সামাজিক মূল্য ইতিমধ্যে বিভিন্ন পরিসংখ্যানে উঠে এসেছে। জুন মাসে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, দুই বছরে ৪৫৭টি শিল্পপ্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এর মধ্যে ৩৯৮টি গাজীপুর, আশুলিয়া ও চট্টগ্রামে অবস্থিত। চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৭৯টি কারখানা প্রায় ৭ হাজার ৮০০ শ্রমিককে ছাঁটাই করেছে। অন্যদিকে, প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ২০ হাজারের বেশি শ্রমিক চাকরি হারিয়েছেন।

এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মূলত দুটি পথ খোলা। একদিকে এমন একটি কর্মসূচি পরিচালনা করা, যা ঝুঁকিমুক্ত হলেও সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের কাজে আসবে। অন্যদিকে, যথাযথ তদারকি ও ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে সেই বড় কারখানাগুলোকে অর্থায়নের আওতায় আনা, যেগুলো সচল হলে বিপুল কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড ফিরতে পারে।

অর্থের সংস্থান রয়েছে, সরকারের রাজনৈতিক নির্দেশনাও রয়েছে। পাশাপাশি অর্থায়নের অপব্যবহার ঠেকাতে তদারকির ব্যবস্থাও করা সম্ভব। এখন প্রয়োজন নীতিমালার সীমাবদ্ধতা কাটিয়ে বাস্তবসম্মত একটি পথ তৈরি করা। অন্তত একটি বড় কারখানাকে কঠোর তদারকির মধ্যে পুনরায় চালু করে এই পদ্ধতির কার্যকারিতা প্রমাণ করা যেতে পারে। সফল হলে সেই অভিজ্ঞতার ভিত্তিতে অন্য কারখানাগুলোকেও উৎপাদনে ফেরানোর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

কারখানা সচল করা মানে শুধু একটি প্রতিষ্ঠানের উৎপাদন শুরু করা নয়; এর সঙ্গে ফিরে আসে শ্রমিকের আয়, স্থানীয় বাজারের চাহিদা, সরবরাহব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড। তাই পুনঃঅর্থায়ন কর্মসূচির সাফল্য শুধু কত টাকা বরাদ্দ হলো, তা দিয়ে বিচার করা যাবে না। বরং কতটি কারখানা চালু হলো এবং কত মানুষের কর্মসংস্থান ফিরল, সেটিই হওয়া উচিত সাফল্যের প্রধান মাপকাঠি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.