Sunday, November 1, 2026

সর্বশেষ

ইনফিনিক্সের তাক লাগানো স্মার্টফোন নোট ৬০ আল্ট্রা, যা রয়েছে ফোনটিতে

স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে এসেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ব্র্যান্ডটির নোট সিরিজের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ইনফিনিক্স নোট ৬০ আল্ট্রা ইতোমধ্যে বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়েছে।

ইতালির বিখ্যাত ডিজাইন প্রতিষ্ঠান পিনিনফারিনার (Pininfarina) সঙ্গে যৌথভাবে তৈরি এই স্মার্টফোনে রয়েছে সুপারকার থেকে অনুপ্রাণিত নকশা, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, শক্তিশালী প্রসেসর, উচ্চ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং দীর্ঘস্থায়ী ব্যাটারিসহ বেশ কিছু আকর্ষণীয় প্রযুক্তি।

ফোনটির নকশায় প্রথমেই নজর কাড়বে এর ইউনিচ্যাসিস (Uni-Chassis) ক্যামেরা মডিউল। স্পোর্টস কারের নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই মডিউলে ক্যামেরা, অ্যাকটিভ-ম্যাট্রিক্স ডিসপ্লে এবং পেছনের আলোকসজ্জা একই গ্লাস প্যানেলের নিচে সংযুক্ত করা হয়েছে। ফোনটির পেছনের আলো সুপারকারের টেইললাইটের আদলে তৈরি, যা ফোন চালু করা কিংবা নোটিফিকেশন আসার সময় জ্বলে ওঠে। ম্যাট অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম ও রেসিং-অনুপ্রাণিত ইউজার ইন্টারফেস ফোনটির নকশায় যোগ করেছে ভিন্ন মাত্রা। এটি পাওয়া যাচ্ছে টরিনো ব্ল্যাক, মনজা রেড, আমালফি ব্লু ও রোমা সিলভার—এই চারটি রঙে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪০০ আলটিমেট ৫জি চিপসেট। এর সঙ্গে রয়েছে ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি ইউএফএস ৪.০ ইন্টারনাল স্টোরেজ। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার, ভারী গেম খেলা এবং দ্রুতগতিতে বিভিন্ন কাজ করার ক্ষেত্রে ব্যবহারকারীরা পাবেন স্বাচ্ছন্দ্য। দীর্ঘ সময় ব্যবহারের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এতে রয়েছে থ্রিডি আইসকোর কুলিং সিস্টেম।

ডিসপ্লের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিয়েছে ইনফিনিক্স। নোট ৬০ আল্ট্রায় রয়েছে ১.৫কে রেজল্যুশনের অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১৪৪ হার্টজ এবং পিক ব্রাইটনেস ৪৫০০ নিটস। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা বিভিন্ন কনটেন্ট উপভোগের সময় পাওয়া যাবে প্রাণবন্ত রং ও মসৃণ ভিজ্যুয়াল অভিজ্ঞতা। পাশাপাশি এতে রয়েছে জেবিএল (JBL) টিউনড ডুয়াল স্টেরিও স্পিকার, যা অডিও অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

ফটোগ্রাফিপ্রেমীদের জন্য ফোনটির অন্যতম আকর্ষণ এর ক্যামেরা ব্যবস্থা। এতে ব্যবহার করা হয়েছে ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইসোসেল এইচপিই (Samsung ISOCELL HPE) প্রধান ক্যামেরা। পাশাপাশি রয়েছে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, যা ৩.৫ গুণ অপটিক্যাল জুম এবং সর্বোচ্চ ১০০ গুণ ডিজিটাল জুম সমর্থন করে। আল্ট্রা এইচডিআর ফটোগ্রাফি, প্রতি সেকেন্ডে ৬০ ফ্রেমে ৪কে ভিডিও ধারণ এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকায় ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রেও ফোনটি বেশ কিছু উন্নত সুবিধা দেবে।

দীর্ঘ সময় ফোন ব্যবহারের কথা বিবেচনায় রেখে এতে যুক্ত করা হয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের সিলিকন-কার্বন ব্যাটারি। এর সঙ্গে রয়েছে ১০০ ওয়াট তারযুক্ত এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সুবিধা। ইনফিনিক্সের ল্যাব পরীক্ষার তথ্য অনুযায়ী, তারযুক্ত ফাস্ট চার্জিং প্রযুক্তিতে ফোনটির ব্যাটারি প্রায় ১৮ মিনিটে ৫০ শতাংশ চার্জ করা সম্ভব। ব্যাটারির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা ধরে রাখতে এতে রয়েছে ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি এবং দীর্ঘ সময় ভারী কাজের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে বাইপাস চার্জিং সুবিধা।

এ ছাড়া ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৬-ভিত্তিক এক্সওএস ১৬ (XOS 16)। সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ ও ব্যক্তিনির্ভর করতে এতে যুক্ত করা হয়েছে বিভিন্ন এআই-চালিত ফিচার। ফোনটির সঙ্গে রয়েছে তিন বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছর নিরাপত্তা আপডেটের প্রতিশ্রুতি।

বাংলাদেশের বাজারে ইনফিনিক্স নোট ৬০ আল্ট্রার ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.