Thursday, October 29, 2026

সর্বশেষ

শেখ হাসিনার পালানোর ভিডিও করা বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিখোঁজের এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

গতকাল বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর নাম কে এম তাহসিফ সাউরি (২৮)। তিনি অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

ফিরোজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ খবর পেয়ে গতকাল বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী ফাঁড়ির নৌ পুলিশ তুরাগ নদের রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে বলে উল্লেখ করেন নৌ পুলিশের কর্মকর্তা ফিরোজ উদ্দিন। তিনি বলেন, তাহসিফ সপরিবার উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে থাকতেন। গত মঙ্গলবার তিনি নিখোঁজ হন। তাঁর বাবার নাম কে এম এনায়েত হেলাল।

এ বিষয়ে বক্তব্য জানতে পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.