যারা মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে সরকার একটি কার্যকর কাঠামো বিবেচনা করছে।
শনিবার (২০ জানুয়ারি) এক্সের (টুইটার) এক পোস্টে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এই তথ্য জানান।
তিনি বলেন, ‘যারা মিথ্যা তথ্য ও গুজব ছড়ায় তাদের কীভাবে জবাবদিহিতার আওতায় আনা যায় তার একটি কাঠামো বিবেচনাধীন রয়েছে।
তিনি বলেন, অপপ্রচার রোধে মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা যাতে বাধাগ্রস্ত না হয় তা নিশ্চিত করছে সরকার।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত।
চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ওই আসনে গত বছরের ১৭ জুলাই উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান আরাফাত। তিনি প্রতিদ্বন্দ্বী হিরো আলমকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে এমপি হন।
চলতি বছরের ৭ জানুয়ারির নির্বাচনেও একই আসনে বড় ব্যবধানে জয়ী হন মোহাম্মদ আলী আরাফাত। ৪৮ হাজার ৫৯ ভোট পেয়ে জয়ী মোহাম্মদ এ আরাফাতের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকল্পধারা বাংলাদেশের আইনুল হক পান এক হাজার ৩৮০ ভোট।
সংসদ সদস্য হিসেবে শপথের এক দিন পর গত ১১ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

