দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। এতে সভাপতিত্ব করছেন নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। এ সময় শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার হিসেবে নির্বাচন করা হয়। ডেপুটি স্পিকার শামসুল হক হাউজে তা উত্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে বিষয়টি পাস হয়। পরে সংসদে বিরতি ঘোষণা করা হয়।
সংসদ ভবন সূত্র জানায়, বিরতির ফাকে রাষ্ট্রপতির কাছে স্পিকার হিসেবে শপথ নেন শিরীন শরামিন চৌধুরী। এরপর নতুন সংসদ সদস্যদের উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সংসদ সদস্যরা।
এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে।
এরআগে, দুপুর থেকেই সংসদ ভবনে নতুন সংসদ সদস্যদের একের পর এক গাড়িবহর ঢুকতে দেখা যায়। অনেকেই তাদের প্রিয় নেতাকে বরণ করতে ভিড় জমান। কেউ কেউ আবার গাড়ি থামিয়ে তোলেন সেলফি। হাসিমুখে হাত নাড়িয়ে ঢোকেন সংসদ সদস্যরা। এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় সংসদ ভবন এলাকায়।
একাদশ জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়েছে সোমবার (২৯ জানুয়ারি)। বিদায়ী এ সংসদের যাত্রা শুরু হয় ২০১৯ সালের ৩০ জানুয়ারি, শেষ হয় ২০২৩ সালের ২ নভেম্বর। এতে কার্যদিবস কম হলেও সর্বোচ্চ সংখ্যক ২৫টি অধিবেশন বসেছে।
সংসদ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর উপনেতা মতিয়া চৌধুরী। বিরোধী দলীয় নেতা হয়েছেন জাতীয় পার্টির জি এম কাদের ও উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।
উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন, যাদের মধ্যে ৫৯ জনই আওয়ামী লীগ নেতা। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি।

