Tuesday, September 22, 2026

সর্বশেষ

দূরপাল্লার বাসে কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব বিআরটিএর

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং সিটি সার্ভিস বাসে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর সুপারিশ করেছে।

তবে যাত্রীস্বার্থ বিবেচনায় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর বনানী কার্যালয়ে অনুষ্ঠিত ভাড়া সমন্বয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে তেলের বাড়তি দামের পাশাপাশি বাস পরিচালনার অন্যান্য ব্যয়ও বিবেচনায় নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিআরটিএর এই সুপারিশ এখন সরকারের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। মঙ্গলবারের মধ্যে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানিয়েছে সূত্র। তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত প্রস্তাবিত নতুন ভাড়া কার্যকর হবে না।

প্রস্তাবিত নতুন ভাড়ার হার:

দূরপাল্লার বাস: বর্তমানে কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রাম মহানগর: সিটি বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

ডিটিসিএ এলাকা (ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ): মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার সুপারিশ করা হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটার প্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি করা হয়েছিল। তবে দীর্ঘ আলোচনা শেষে মালিকদের দাবির চেয়ে কম হারে ভাড়া সমন্বয়ের প্রস্তাব দেয় বিআরটিএ।

এর আগে গত রবিবার রাতে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয় সরকার। নতুন দর অনুযায়ী বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা সোমবার থেকেই কার্যকর হয়েছে। বাস পরিবহনে মূলত ডিজেল ব্যবহৃত হওয়ায় জ্বালানির এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে পরিচালন ব্যয়ে।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলেও জ্বালানি তেলের দাম বাড়ার পর বাসভাড়া সমন্বয় করা হয়েছিল। সে সময় দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৩ পয়সা এবং ডিটিসিএ এলাকায় মিনিবাসে ২ টাকা ৩২ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা করা হয়। নতুন প্রস্তাবটি পাশ হলে মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের বাসভাড়া বাড়বে।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, আগেরবার শুধু জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে ভাড়া সমন্বয় করা হয়েছিল। কিন্তু ইতোমধ্যে যন্ত্রাংশসহ বাস পরিচালনার সার্বিক ব্যয়ও অনেক বেড়েছে।

তবে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে এবার তেলের মূল্যবৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়াতে তারা একমত হয়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.