Sunday, September 20, 2026

সর্বশেষ

ইরানের বন্দরে যাওয়ার চেষ্টাকারী জাহাজে মার্কিন হামলা

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙে ইরানের দিকে যাওয়ার চেষ্টা করায় পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের ইঞ্জিন কক্ষে মঙ্গলবার একটি মার্কিন হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, এম/ভি ‘ভেলা নোভা’ নামের ওই জাহাজটিকে মার্কিন বাহিনীর পক্ষ থেকে বারবার সতর্ক করার পরও তা উপেক্ষা করে ইরানের দিকে যাত্রা অব্যাহত রাখে। পরে মার্কিন নৌবাহিনীর এমএইচ-৬০ হেলিকপ্টার থেকে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয়।

সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, জাহাজটি এখন আর অবরোধ লঙ্ঘন করে ইরানের দিকে যাচ্ছে না।

কয়েক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের মধ্যে গত ১৪ জুলাই ইরানের বন্দরগুলোতে নতুন করে অবরোধ আরোপের পর কোনো জাহাজকে জোরপূর্বক থামানোর এটি তৃতীয় ঘটনা।

সেন্টকমের তথ্য অনুযায়ী জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত ৫৫টি জাহাজকে অবরোধ এড়িয়ে ইরানের দিকে যাওয়ার চেষ্টা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া আরও দুটি জাহাজে উঠে তল্লাশি চালিয়েছে মার্কিন বাহিনী।

সেন্টকমের তথ্য অনুযায়ী, এর আগে চলতি বছরের ১৩ এপ্রিল থেকে ১৮ জুন পর্যন্ত মার্কিন বাহিনী ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করেছিল। ওই সময় তারা নয়টি জাহাজ অচল করে দেয় এবং ১৪০টিরও বেশি জাহাজকে গতিপথ পরিবর্তন করে ফিরিয়ে দেয়।

ইরান যুক্তরাষ্ট্রকে এই বন্দর অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছে। তেহরান জানিয়েছে, অবরোধ প্রত্যাহার ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার শর্তগুলোর একটি।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধ শুরুর আগে এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হতো। তবে ইরানের হামলার কারণে বর্তমানে ওই এলাকায় জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে গেছে।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেন, হরমুজ প্রণালীর ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।

সাংবাদিকদের তিনি বলেন, ‘এই মুহূর্তে হরমুজ প্রণালীর ওপর আমাদের পুরো নিয়ন্ত্রণ রয়েছে। ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই। আমাদেরই পুরো নিয়ন্ত্রণ—আমরাই এর নিয়ন্ত্রণে আছি।’

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.