Sunday, September 20, 2026

সর্বশেষ

চা-শিল্পীদের শতবর্ষের পুরোনো গানে নতুন সুর, কোক স্টুডিও বাংলার ‘মুল্লুক’

বাংলাদেশের চা-বাগানের চা-শিল্পীদের মুখে মুখে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা একটি পুরোনো লোকগান এবার নতুন রূপে পৌঁছে গেছে নতুন প্রজন্মের কাছে। কোক স্টুডিও বাংলার সিজন ৪-এর চতুর্থ গান ‘মুল্লুক’-এ উঠে এসেছে শতবর্ষের পুরোনো এক ইতিহাস, নিজের মাটিতে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা, পরিচয় এবং আপন ঘরের সন্ধান। লোকঐতিহ্যের গভীর শিকড়ের সঙ্গে সমকালীন সুর ও সংগীতের মেলবন্ধনে গানটি নতুন করে তুলে এনেছে হারিয়ে যেতে বসা এক সম্প্রদায়ের গল্প।

দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা বিকল্পধারার সংগীতে নিজস্ব অবস্থান তৈরি করেছে ব্যান্ডদল ‘মেঘদল’। সাহিত্য ও লোকঐতিহ্যের সঙ্গে রকসংগীতের শক্তিকে মিলিয়ে ‘মুল্লুক’ গানেও তারা খুঁজে নিয়েছে পুরোনো দিনের এক গল্পের নতুন আখ্যান। ‘পিঞ্জরাকে পুষল ময়না’–এর ঐতিহ্যবাহী পঙ্‌ক্তি ও সুরের ভেতরে থাকা ইতিহাস ও আবেগকে ভিত্তি করে গানটি তৈরি করা হয়েছে। শতবর্ষ আগে বাংলাদেশের চা-শিল্পীদের জীবন ও ‘মুল্লুক চলো আন্দোলন’-এর ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়েছে মেঘদল। সেই সংগ্রামের পাশাপাশি গানটিতে উঠে এসেছে শিকড়ে ফেরার আকাঙ্ক্ষা এবং নিজের আপন ঠিকানা খুঁজে পাওয়ার স্বপ্ন।

শিবু কুমার শীলের কথা ও সুরে তৈরি গানটিতে কণ্ঠ দিয়েছেন চা-শিল্পী রনজু তাঁতি ও রঞ্জিত তাঁতি। তাদের কণ্ঠের সঙ্গে মেঘদলের সমকালীন সংগীতধারা তৈরি করেছে এক অনন্য সংলাপ। শ্রীমঙ্গলের ঢোলের ছন্দ এবং শিল্পীদের আবেগঘন পরিবেশনা গানটিকে আরও গভীরতা দিয়েছে। এর মধ্য দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে আসা একটি সম্প্রদায়ের স্মৃতি, সংগ্রাম ও স্বপ্ন পেয়েছে সংগীতের নতুন ভাষা।

‘মুল্লুক’ এর গল্প শুধু একটি সম্প্রদায়ের ইতিহাসে সীমাবদ্ধ নয়। আপন মাটি ও ঘরে ফেরার আকাঙ্ক্ষা মানুষের এক চিরন্তন অনুভূতি। সেই অনুভূতিকে সামনে রেখে গানটি তাদের জন্যও উৎসর্গ করা, যারা প্রতিদিন নিরলস পরিশ্রম করে একটি ভালো আগামী দিনের স্বপ্ন দেখেন; স্বপ্ন দেখেন নিজের একটি দেশ, একটি ঠিকানা বা ঘরের যেখানে সত্যিকার অর্থে ফিরে আসা যায়।

বাংলাদেশের সংগীত ও লোকঐতিহ্যের ভেতরে ছড়িয়ে থাকা গল্পগুলোকে নতুন প্রজন্মের সামনে নতুনভাবে তুলে ধরার ধারাবাহিকতায় ‘মুল্লুক’ কোক স্টুডিও বাংলার আরেকটি প্রয়াস। লোকসংগীতের শিকড় ও সমকালীন সংগীতের প্রকাশভঙ্গির এই মেলবন্ধনে গানটি একদিকে যেমন চা-শিল্পীদের ইতিহাস ও সংগ্রামকে স্মরণ করে, অন্যদিকে তেমনি তুলে ধরে মানুষের চিরন্তন স্বপ্ন—নিজের কাঙ্ক্ষিত ঘরে ফেরার।

কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর ‘মুল্লুক’ গানটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবং কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেলে শোনা যাচ্ছে।

সর্বশেষ

নির্বাচিত

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.