রমজান মাস এলেই দৈনন্দিন জীবনে আসে পরিবর্তন। দিনের ব্যস্ততার মাঝে রোজার জন্য প্রস্তুতি, আবার ছুটির দিনে ঈদের কেনাকাটা। আবার কেউ নিজের যত্ন নেওয়ার জন্য তৈরি করেন নতুন রুটিন। এই প্রস্তুতিগুলোর অনেকটাই এখন ধরা পড়ছে সোশ্যাল মিডিয়ার কনটেন্টে। অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মের মতো টিকটকেও কনটেন্ট ক্রিয়েটররা শেয়ার করছেন ঈদের জন্য ফ্যাশন আইডিয়া, স্কিনকেয়ার টিপস এবং ঈদের নানান প্রস্তুতি নিয়ে ভিডিও, যা অনুসরণ করছেন অসংখ্য দর্শক। চলুন দেখে নেয়া যাক এমন কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরদের যারা এবারের ঈদ ফ্যাশনের গল্পকে তুলে ধরছেন কিছুটা ভিন্নভাবে।
সময়ের সাথে সাথে বা কোন বিশেষ উৎসব সামনে রেখে ফ্যাশন কনটেন্ট ক্রিয়েটর সাবা চৌধুরী (@saboziee) তুলে ধরেন নতুন কনটেন্ট। প্রাণবন্ত উপস্থাপনের জন্য তিনি টিকটকে জনপ্রিয়। ইফতার পার্টির জন্য পোশাক, ব্যস্ত দিনে সহজ কোনো লুক, আবার বিশেষ আয়োজনের সাজ পোশাকের আইডিয়া শেয়ার করছে সাবা। তবে, রমজান উপলক্ষে সাবা এবার ঈদ ফ্যাশনকে তুলে ধরেছে ভিন্নভাবে। ঢাকায় কীভাবে বছরের পর বছর ধরে ঈদ উদযাপন করা হতো, কোন জায়গা থেকে আগে ঈদের কেনাকাটা করা হতো, জামা বানানো হতো- এসব নিয়ে সাবা এবার তৈরি করেছে একটি কনটেন্ট সিরিজ। যখন সবাই বর্তমানের ফ্যাশন নিয়ে ব্যস্ত, এবং প্রতিনিয়ত ট্রেন্ড ফলো করছে, সাবার কনটেন্টগুলো সেখানে মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া ঈদের ঐতিহ্য আর গল্পগুলোকে। আর এমন কনটেন্ট অনেকের জন্য হয়ে উঠছে নিজেদের আইডিয়া আর গল্প তৈরি করার এক নতুন উৎসাহ।
কনটেন্ট ক্রিয়েটর ফাতেমা চৌধুরী (@designer_apa) কাজ করছেন একেবারে ভিন্নভাবে। ডিজাইনার হওয়ার স্বপ্ন তার অনেক দিনের। পড়াশোনাও করছেন এই বিষয়েই, আর তার কনটেন্টে সেই স্বপ্নকেই তুলে ধরছেন তিনি। রমজানের মতো বিশেষ সময়ে তার কনটেন্টগুলো যেন এক ধরনের ওয়ার্কশপ। কোথায় কাপড় কিনতে পাওয়া যাবে, কীভাবে কাপড় কাটতে হবে এবং একটি পোশাক কিভাবে তৈরি হয়- এই বিষয়গুলো ধাপে ধাপে দেখান ফাতেমা। একটি সাধারণ কাপড় কীভাবে ধীরে ধীরে একটি সুন্দর ডিজাইনার পোশাকে পরিণত হতে পারে, সেই পুরো প্রক্রিয়াটি উঠে আসে তার কনটেন্টে। তিনি দক্ষিণ এশীয় ধাঁচের ট্রেন্ডি পোশাকও তৈরি করেন যা ঈদের নামাজ, পারিবারিক আড্ডা বা সন্ধ্যার অনুষ্ঠানের জন্য বেশ মানানসই। শুধু পোশাকই নয়, যে জিনিসগুলো আমরা সাধারণত ফেলে দেই এমন জিনিস দিয়ে তিনি পার্টি ক্লাচ ব্যাগ তৈরি করেন। ফ্যাশন যে শুধু স্টাইলের বিষয় নয়, বরং এটি একটি সৃজনশীলতা এবং নতুনভাবে ভাবারও মাধ্যম, সেই দিকটি তার কনটেন্টে ফুটে উঠে।
ঈদের প্রস্তুতিতে পোশাক বা স্টাইলিং ছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কিন কেয়ার। কনটেন্ট ক্রিয়েটর মাহাজাবিন (@mahajabin9) টিকটকে কনটেন্ট বানাচ্ছেন স্কিন কেয়ারের দিকটি নিয়ে। তিনি ঈদের ফ্যাশন ও নিজের যত্ন নিয়েও কথা বলেন। রমজান জুড়ে ঈদের আগে ত্বক আর চুলের যত্ন কীভাবে নিতে হয়, সেটি তুলে ধরছেন মাহাজাবিন। ‘Maximum Eid Glow Up’ নামে একটি কনটেন্ট সিরিজও তৈরি করেছেন এই ক্রিয়েটর। এই সিরিজে তিনি দেখিয়েছে কীভাবে ধীরে ধীরে ত্বককে ঈদের দিনের জন্য প্রস্তুত করা যায়; ক্লিনজার, সিরাম আর মাস্ক কীভাবে ত্বকের জন্য কাজ করে। পাশাপাশি চুলে তেল দেওয়া, হেয়ার মাস্ক ব্যবহার করা এবং চুল ভালো রাখতে সহজভাবে সাজানোর আইডিয়াও উঠে আসে তার কনটেন্টে।
ঈদ যত ঘনিয়ে আসছে, সবার প্রস্তুতি যেন আরও বাড়ছে। তবে এর পূর্ণতা শুধু মেকআপ বা নতুন পোশাক থেকে আসে না, বরং এটি আসে প্রতিদিনের ছোট ছোট যত্ন, আর নতুন কিছু তৈরির আনন্দ থেকে যা অনেক কনটেন্ট ক্রিয়েটর এখন তুলে ধরছে তাদের ভিন্ন ধারার ভাবনা দিয়ে।

